৪ দিনেই ৪০০ কোটির ক্লাবে ‘জেলার ২’
মুক্তির পর থেকেই বক্স অফিসে ইতিহাস গড়ছে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। দর্শকের বাঁধভাঙা উন্মাদনা আর অভাবনীয় সাড়ায় মাত্র চার দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে চার শ কোটি রুপি। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর থেকেই রেকর্ড ভাঙা গতির দেখা মিলছে।
বক্স অফিস প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করে দুর্দান্ত সূচনা করে সিনেমাটি। এরপরের তিন দিনেও আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে ৮৫ কোটি, ১০৮ কোটি এবং ১০০ কোটি রুপি ঘরে তোলে ছবিটি। সব মিলিয়ে চার দিনে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়ায় ৪২৪ কোটি রুপিতে। এর বড় একটি অংশ এসেছে দেশের বাজার থেকে।
নির্মাতা নেলসন দিলীপকুমারের এই ছবি কেবল ভারত থেকেই চার দিনে সংগ্রহ করেছে ২৩৪ কোটি রুপি। বাকি ১৯০ কোটি রুপি এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।
এর আগে তামিল সিনেমার ইতিহাসে কোনো ছবির ঝুলিতে এমন মেগা ওপেনিং বা উইকেন্ড কালেকশন জমা হয়নি। বিশ্বজুড়ে ব্যবসা সফল এই ধারা অব্যাহত থাকায় বক্স অফিসে নতুন আরও বেশ কিছু রেকর্ড গড়ার পথে রয়েছে ছবিটি।
চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ছুটির দিন ছাড়াই এমন রেকর্ড পরিমাণ আয় প্রমাণ করে যে বক্স অফিসে সিনেমাটির দীর্ঘ দৌড় নিশ্চিত।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই নির্মাণ করা হয়েছে এর সিক্যুয়েল। আগের কিস্তির মতো এর গান ও আবহসংগীতও দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে।
নতুন এই সিনেমায় রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন বিদ্যা বালান, এস. জে. সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান, যোগী বাবুসহ অনেকেই। এছাড়া বিশেষ ও অতিথি চরিত্রে দেখা মিলেছে মোহনলাল, শিবা রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ ও বিজয় সেথুপতির মতো তারকাদের।
RSS/SD/DR
0
0
0
0
0
0
0
মন্তব্য (0)