বিজয়া দশমীতে মেয়ের পা ধুইয়ে দিলেন প্রিয়াঙ্কা-নিক

অক্টোবর 22, 2026 - 14:13
Updated: 5 দিন পূর্বে
0
বিজয়া দশমীতে মেয়ের পা ধুইয়ে দিলেন প্রিয়াঙ্কা-নিক
ছবি: প্রিয়াঙ্কা চোপড়ার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে উদ্‌যাপন করেছেন বিজয়া দশমী বা দশেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের এ উদ্‌যাপনের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পূজার বিভিন্ন আচার পালনের মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপন করেন তারা। শুরুতে শিবলিঙ্গের অভিষেক করা হয়, এরপর হয় হোমযজ্ঞ। পূজার একটি ছবিতে দেখা যায়, মেয়ে মালতীর পা ধুয়ে দিচ্ছেন নিক। কন্যাপূজার সঙ্গে সম্পর্কিত এ আচার উৎসবের মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলে।

উৎসব উপলক্ষে পরিবারের সদস্যদের পোশাকেও ছিল মিল। সবুজ রঙের সাজে দেখা যায় তাদের। নিক পরেছিলেন ঐতিহ্যবাহী কুর্তা, প্রিয়াঙ্কার পরনে ছিল সালোয়ার-কামিজ। অন্যদিকে, মালতীকে দেখা যায় ফ্রক, চুড়ি ও ‘জয় মাতা দি’ লেখা ওড়নায়।

ছবিগুলোর সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা দুর্গার শক্তি, আমাদের প্রার্থনার পবিত্রতা ও দশেরার চেতনা আজ, আগামীকাল এবং সব সময় আমাদের সঙ্গে থাকুক।’

২০১৮ সালে খ্রিষ্টান ও হিন্দু-দুই রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের মেয়ে মালতীর জন্ম হয়।

বিয়ের পর থেকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নিকের আগ্রহের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন প্রিয়াঙ্কা। তার মতে, ভিন্ন সংস্কৃতির মানুষের সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের শিকড় ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ।

এদিকে ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে মন্দাকিনী চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাসেল ক্রো অভিনীত ‘ব্লুফ্লাই’ ছবিতেও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

সূত্র: এনডিটিভি

RSS/SK/DR

ভালো 0
Dislike 0
ভালোবাসা 1
হাস্যকর 0
ওয়াও 1
দুঃখিত 0
ক্ষুব্ধ 0

মন্তব্য (0)

User